দ্বিতীয় দফার আলোচনায় এখনো রাজি হয়নি ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ইরান এখনও রাজি হয়নি। এমনকি সম্ভাব্য এই সংলাপের জন্য কোনো নির্দিষ্ট তারিখও ঠিক করা হয়নি। শনিবার অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
ওই সূত্র বলেছে, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উপস্থাপন করেছে বলে মনে করে ইরান। যে কারণে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেসব দাবি ত্যাগ করাকে অন্যতম শর্ত হিসেবে বেধে দিয়েছে তেহরান।
সূত্রটি জানায়, পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইতোমধ্যে নিজেদের অবস্থান ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে তেহরান। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আগ্রহী নয় ইরান।
বিজ্ঞাপন
কোনও ফলাফল বয়ে আনে না এমন দীর্ঘমেয়াদী আলোচনায় ইরান সময় নষ্ট করতে চায় না বলেও মধ্যস্থতাকারীদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন দফার আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত আলোচনা হতে পারে না।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করল ইরান
বিজ্ঞাপন
তিনি বলেন, যতক্ষণ না আমরা কাঠামোর বিষয়ে একমত হচ্ছি, ততক্ষণ আমরা কোনও তারিখ নির্ধারণ করতে পারি না।
ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো আলোচনায় ইরানের অংশগ্রহণ আন্তর্জাতিক আইনের আওতায় দেশটির অধিকার সংরক্ষণের ভিত্তিতে হতে হবে। এ ক্ষেত্রে নিজেদের স্বার্থ বিসর্জন বা আন্তর্জাতিক আইনের বাইরে কোনো শর্ত মেনে নেওয়ার প্রশ্নই আসে না বলে স্পষ্ট করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা।








