Logo

ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৬, ১৮:১২
ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘একটু বেশিই কথা বলেন’ বলে কটাক্ষ করেছে ইরান। শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আন্তালিয়ায় আয়োজিত কূটনৈতিক ফোরামের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন খতিবজাদেহ। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা ও আলোচনার প্রসঙ্গ উঠে আসে।

এ সময় আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনও চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ‘আবারও বোমা ফেলা শুরু করবে’—প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে খতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘একটু বেশিই কথা বলেন।’

বিজ্ঞাপন

খতিবজাদেহ আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প একই বক্তব্যের মধ্যেই পরস্পরবিরোধী কথা বলেছেন। তার ভাষ্য, ‘তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা পরিষ্কার নয়।’ ইরানের দৃষ্টিতে এসব বক্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলছে বলেও ইঙ্গিত দেন তিনি।

খতিবজাদেহ বলেন, ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনও ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না। তবে আক্রান্ত হলে ইরান নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

এদিকে, ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় তেহরান এখনও রাজি হয়নি। এমনকি এই আলোচনার জন্য সুনির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। শনিবার অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ওই সূত্র বলেছে, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উপস্থাপন করেছে বলে মনে করে ইরান। যে কারণে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেসব দাবি ত্যাগ করাকে অন্যতম শর্ত হিসেবে বেধে দিয়েছে তেহরান।

এছাড়া পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থানও জানিয়ে দিয়েছে ইরান। সূত্রটি জানায়, আমরা স্পষ্টভাবে জানিয়েছি, বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় দফার আলোচনায় বসার মতো পরিবেশ তৈরি হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD