‘সংলাপের চেয়ে সংঘাতের ঝুঁকিই বেশি’

হরমুজ প্রণালিতে ইরানের পুনরায় বিধি-নিষেধ আরোপের ঘটনাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রত্যক্ষ ফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁরা মনে করেন, প্রণালি খুলে দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের অবরোধ জারি রাখা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞাপন
তেহরান থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি বিশ্লেষক অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুসারে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল। কিন্তু আমেরিকার অবরোধ সেই শর্তেরই লঙ্ঘন।
আরও পড়ুন: দ্বিতীয় দফার আলোচনায় এখনো রাজি হয়নি ইরান
তিনি বলেন, ‘‘আমেরিকানরা আরও সৈন্য এবং সরঞ্জাম নিয়ে আসছে; যা চুক্তির আরেকটি লঙ্ঘন।’’
বিজ্ঞাপন
শুক্রবার রাতে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার সীমিত প্রচেষ্টা চালানোর পর ট্রাম্প গণমাধ্যমের সামনে মিথ্যা বিবৃতি দেওয়ার তাড়াহুড়ো করেন। এর ফলে তেহরান সিদ্ধান্ত নিয়েছে যে প্রণালিটি আবার বন্ধ করে দেওয়া উচিত।
সংকটের সমাধানে কূটনৈতিক সম্ভাবনা নিয়ে খোশচেশম পরিষ্কার করে বলেন, এটি এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। ট্রাম্প প্রতি ঘণ্টায় তার অবস্থান ও কথা পরিবর্তন করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি, ন্যাটোর প্রতিশ্রুতি এবং একাধিক আন্তর্জাতিক চুক্তি পরিত্যাগের উদাহরণ টেনে তিনি বলেন, ট্রাম্প এমন ব্যক্তি নন যার সঙ্গে আলোচনা করা সম্ভব। তিনি জাতিসংঘ কিংবা নিরাপত্তা পরিষদের প্রতি কোনও ধরনের সম্মান প্রদর্শন করেন না।
বিজ্ঞাপন
অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, ‘‘আমি যেকোনও ধরনের আলোচনার চেয়ে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাই বেশি দেখছি।’’
এদিকে, ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় তেহরান এখনও রাজি হয়নি। এমনকি এই আলোচনার জন্য সুনির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। শনিবার অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই সূত্র বলেছে, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উপস্থাপন করেছে বলে মনে করে ইরান। যে কারণে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেসব দাবি ত্যাগ করাকে অন্যতম শর্ত হিসেবে বেধে দিয়েছে তেহরান।
বিজ্ঞাপন
পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের শর্তাবলি পাঠিয়ে দিয়েছে ইরান। ওই সূত্র বলেছে, ‘‘আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকান পক্ষকে জানিয়ে দিয়েছি যে, আমরা দ্বিতীয় দফার আলোচনায় রাজি নই।’’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন দফার আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত আলোচনা হতে পারে না।
বিজ্ঞাপন
তিনি বলেন, যতক্ষণ না আমরা কাঠামোর বিষয়ে একমত হচ্ছি, ততক্ষণ আমরা কোনও তারিখ নির্ধারণ করতে পারি না।
ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনায় ইরান যা কিছুতেই সম্মত হোক না কেন, তাতে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির অধিকার সংরক্ষিত থাকতে হবে। ইরান আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম কিংবা নিজের অধিকার বিসর্জন দেওয়া মেনে নেবে না।
সূত্র: আল জাজিরা।
বিজ্ঞাপন








