মার্কিন অবরোধ না উঠলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি: ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো জাহাজ প্রণালির দিকে এলে সেটিকে শত্রুপক্ষের সহযোগিতা হিসেবে দেখা হবে এবং প্রয়োজন হলে সেসব জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হবে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দিলেও যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ বহাল রাখে। এর প্রতিক্রিয়ায় পরদিন আবারও গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেয় তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের রণতরীতে আগুন, ৩ নাবিক আহত
আইআরজিসি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়নি। ফলে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শনিবার সন্ধ্যা থেকে হরমুজ প্রণালিতে সব ধরনের নৌচলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোকে সতর্কবার্তাও পাঠিয়েছে ইরান। এতে বলা হয়েছে, নোঙর করা অবস্থান থেকে কোনো জাহাজ যেন সরানো না হয়।
এদিকে ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রের এই অবরোধকে ‘অবিবেচক ও অজ্ঞতাপূর্ণ’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরানের জাহাজ যদি হরমুজ অতিক্রম করতে না পারে, তাহলে অন্য কোনো দেশের জাহাজ চলাচলও সম্ভব হবে না।
বিজ্ঞাপন
সূত্র: সিএনএন








