Logo

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল, ২০২৬, ১৬:১৮
যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা
ছবি: সংগৃহীত

আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার রাতে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করেছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের নির্দিষ্ট কিছু এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ওইসব এলাকার অনেক মানুষ ইতোমধ্যে পরিবার-পরিজন নিয়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছেন।

পর্যবেক্ষকদের মতে, গাজা উপত্যকায় যে ধরনের বিতর্কিত সামরিক কৌশল ইসরায়েল প্রয়োগ করেছে, তার অনুরূপ পদ্ধতি এখন লেবাননেও বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে দক্ষিণ লেবাননে ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’ নামে একটি নতুন সীমারেখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আইডিএফ।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের ধারণা, এই ‘হলুদ রেখা’ কেবল একটি সাময়িক নিরাপত্তা ব্যবস্থা নয়; বরং যুদ্ধবিরতির আড়ালে লেবাননের কিছু অঞ্চল দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখার একটি কৌশল হতে পারে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ‘হলুদ রেখা’র দক্ষিণে অবস্থান করে তারা এমন ব্যক্তিদের শনাক্ত করেছে, যারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে উত্তর দিক থেকে সেনাদের কাছে আসছিল এবং তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করছিল। এই প্রথমবারের মতো লেবাননে এমন একটি সীমারেখার কথা প্রকাশ্যে উল্লেখ করলো ইসরায়েল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD