যুদ্ধে ট্রাম্প যা অর্জন করতে পারেননি, আলোচনায়ও পারবেন না

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা অর্জন করতে পারেননি, তা আলোচনার টেবিলেও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাসেম জালালি।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) রুশ গণমাধ্যম ভেদোমোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দাবি করেছিল কয়েক দিনের মধ্যেই ইরান দখল করে সরকার পরিবর্তন করবে। তবে বাস্তবে সেই লক্ষ্যগুলোর একটিও অর্জিত হয়নি। তার ভাষায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এছাড়া যুদ্ধের সময় নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রের দাবিদাওয়াও পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন জালালি। তিনি বলেছেন, “প্রথমে তারা সরকার পরিবর্তন করতে চেয়েছিল। কিন্তু তারা এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে এখন তারা শুধুমাত্র হরমুজ প্রণালি খুলতে চায়। এটি ব্যর্থ হয়েছে। তারা যে নৌ-অবরোধ ঘোষণা করেছে সেটিরও কোনো দাম নেই। কারণ পরবর্তী পদক্ষেপের জন্য আমাদের লোহার মতো শক্ত ইচ্ছাশক্তি আছে।”
বিজ্ঞাপন
যুদ্ধ ইরানকে দুর্বল করার বদলে ইরানের সংকল্পকে শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন তিনি।
জালালি আরও জানান, যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের সঙ্গে ১০ দফা শর্তে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছিল। তবে পরবর্তীতে তারা সেই অবস্থান থেকেও সরে আসে।
বিজ্ঞাপন
তিনি স্পষ্টভাবে বলেন, “ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি, তা আলোচনার মাধ্যমেও অর্জন করতে পারবেন না। কারণ প্রকৃত আলোচনায় উভয় পক্ষকেই ছাড় দিতে হয় এবং উভয়েরই লাভ নিশ্চিত করতে হয়।”
সূত্র: ভেদোমোস্তি








