চুক্তি না হলে বুধবার থেকেই ইরানে ফের অভিযান চলবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকেই আবারও ইরানে সামরিক অভিযান শুরু হতে পারে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ৭ এপ্রিল সন্ধ্যা থেকে দুই দেশের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ২২ এপ্রিল। যুদ্ধবিরতি শুরুর তিন দিনের মাথায় শান্তিচুক্তির লক্ষ্যে ইসলামাবাদে বৈঠকে বসে দুই পক্ষের প্রতিনিধিদল। তবে প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়—চুক্তি না হলে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে কি না। জবাবে তিনি বলেন, “এমন সম্ভাবনা খুবই কম।”
বিজ্ঞাপন
একই সাক্ষাৎকারে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পুনরায় শুরু হবে, যা বুধবার সন্ধ্যা থেকেই কার্যকর হতে পারে।
তবে তিনি এটিও উল্লেখ করেন, ইরানের সঙ্গে একটি “ভালো” চুক্তিতে পৌঁছাতে চান এবং এজন্য সময় লাগলেও আপত্তি নেই। তার ভাষায়, তড়িঘড়ি করে কোনো দুর্বল চুক্তিতে যেতে তিনি আগ্রহী নন।
সূত্র : সিএনএন








