ট্রাম্প আলোচনাকে ‘আত্মসমর্পণের টেবিল’ বানাতে চান: ঘালিবাফ

আলোচনার আড়ালে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ইরানও এবার ভিন্ন কৌশল দেখাবে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ বলেন, “ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপ দিতে চান। হুমকির মুখে কোনো আলোচনা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।” একইসঙ্গে তিনি দাবি করেন, গত দুই সপ্তাহে ইরান নিষ্ক্রিয় ছিল না এবং প্রয়োজনে ‘নতুন কার্ড’ ব্যবহার করা হবে।
গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শেষ হওয়ার কথা ২২ এপ্রিল। যুদ্ধবিরতির কয়েকদিন পর শান্তিচুক্তির লক্ষ্যে ইসলামাবাদে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিরা। তবে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই সেই বৈঠক শেষ হয়।
বিজ্ঞাপন
সংলাপ ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদারের নির্দেশ দেন ট্রাম্প। পরে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই ইরানে পুনরায় অভিযান শুরু হতে পারে।
সূত্র: সিএনএন








