Logo

অভিযোগের মুখে ট্রাম্পের শ্রম সচিবের পদত্যাগ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১৩:১১
অভিযোগের মুখে ট্রাম্পের শ্রম সচিবের পদত্যাগ
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ও পেশাগত অসদাচরণের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমার পদত্যাগ করেছেন। সোমবার (২০ এপ্রিল) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে অধস্তন কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপান এবং পরিবারের সদস্যদের মাধ্যমে নারী কর্মীদের যৌন হয়রানির অভিযোগের তদন্ত চলছিল বলে জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি তৃতীয় ক্যাবিনেট সদস্য হিসেবে পদত্যাগ করলেন। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিও পদ ছাড়েন। উল্লেখযোগ্যভাবে, এই মেয়াদে পদত্যাগ করা তিনজনই নারী কর্মকর্তা।

বিজ্ঞাপন

সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, বেসরকারি খাতে যোগ দেওয়ার পরিকল্পনার কারণে লোরি শ্যাভেজ-ডিরেমার পদত্যাগ করেছেন। তবে একই সময়ে তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধে দপ্তরের নারী কর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।

শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম প্রতিরোধে বরাদ্দ কমানো এবং শ্রমিক সুরক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু নীতিমালা শিথিল করার কারণে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।

তার পদত্যাগের পর কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD