Logo

যুদ্ধবিরতি বাড়াতে চাই না, চুক্তি না হলে যুদ্ধ শুরু: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১৯:৪৬
যুদ্ধবিরতি বাড়াতে চাই না, চুক্তি না হলে যুদ্ধ শুরু: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে এবং সে ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময়কে অস্ত্র ও সরঞ্জাম পুনরায় মজুতের কাজে ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। এই সময়টা আমরা প্রস্তুতি ও মজুতের কাজে ব্যবহার করেছি, অন্য পক্ষও একই কাজ করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে, প্রয়োজনে দ্রুত অভিযান শুরু করা সম্ভব।” ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বুধবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ তিনি আর বাড়াতে চান না।

বিজ্ঞাপন

ট্রাম্প দাবি করেন, সময় খুব সীমিত এবং ইরান যদি চুক্তিতে আসে, তাহলে তারা নিজেদের জন্য ভালো অবস্থান তৈরি করতে পারবে। একই সঙ্গে তিনি ইরানি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আলোচনায় বসা ছাড়া তাদের সামনে আর কার্যকর কোনো বিকল্প নেই।

এদিকে যুদ্ধবিরতির সময় শেষের দিকে হলেও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নেওয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান। ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠানো হয়নি, তবে ভবিষ্যতে আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচও করা হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের অনিশ্চয়তার পেছনে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকট বড় ভূমিকা রাখছে। সাম্প্রতিক সময়ে নৌ-অবরোধ, ইরানি জাহাজে হামলা এবং ভারত মহাসাগরের কাছে একটি জাহাজ জব্দের ঘটনাকে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে।

বিজ্ঞাপন

ইরানের অবস্থান অনুযায়ী, এসব ঘটনা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ নয়, বরং চাপ প্রয়োগের কৌশল। তাদের মতে, অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির মধ্যে কার্যকর কূটনীতি সম্ভব নয়।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD