ইরানের তেল বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট নির্দেশ দিয়েছেন—ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ চলমান থাকবে।
তিনি আরও বলেন, খুব শিগগিরই ইরানের খার্গ দ্বীপের তেল সংরক্ষণাগারগুলো পূর্ণ হয়ে যাবে। তখন রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দেশটিকে তেল উৎপাদন কমাতে বা বন্ধ করতে বাধ্য হতে পারে। তার মতে, ইরানের তেল বাণিজ্যে আঘাত হানার অর্থ হলো দেশটির সরকারের প্রধান রাজস্ব উৎসে সরাসরি চাপ সৃষ্টি করা।
বিজ্ঞাপন
বেসেন্ট জানান, ইরানের আর্থিক সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্র ‘সর্বোচ্চ চাপ’ নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে তেহরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর ও বিদেশে আটকে থাকা সম্পদ ফেরত আনার সক্ষমতা সীমিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মার্কিন ট্রেজারি বিভাগ ‘ইকোনমিক ফিউরি’ কৌশলের মাধ্যমে ইরানের অর্থনৈতিক কার্যক্রম পদ্ধতিগতভাবে সংকুচিত করার কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে কোনো দেশ বা পক্ষ যদি ইরানকে এ ক্ষেত্রে সহায়তা করে, তাহলে তাদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি থাকবে বলে সতর্ক করেন তিনি।
বিজ্ঞাপন
এছাড়া ইরানের সম্পদ জব্দের বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করেন বেসেন্ট। তার ভাষায়, ইরানের শাসকগোষ্ঠীর সংগৃহীত তহবিল ফ্রিজ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সূত্র: এএফপি








