হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলের অর্ধেকের বেশি মেরামত করেছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে অর্ধেকেরও বেশি ইতোমধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী। তিনি জানান, এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল পুনরুদ্ধার সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, হামলায় মোটামুটি ২০টি স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমোজগান প্রদেশে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে যেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মেরামত কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
আলিরেজা কাজেমী বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। সশরীরে ক্লাসের পাশাপাশি দূরশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়, যার মধ্যে ইরানিয়ান টেলিভিশন স্কুলও অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিং কার্যক্রম চালু রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা আয়োজন করা হয়েছে, যেখানে মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের স্মরণ করা হয়। ওই ঘটনায় প্রায় ১৭০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী ও শিক্ষক।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








