Logo

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে এবার বাড়ছে কনডমের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল, ২০২৬, ১৫:১৬
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে এবার বাড়ছে কনডমের দাম
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব এবার পড়তে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর বাজারে। বিশ্বব্যাপী কনডমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কারেক্স বারহাদ।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়াটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। এই সংকট দীর্ঘস্থায়ী হলে কনডমের দাম আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে প্রতিষ্ঠানগুলোর জন্য বাড়তি খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। ফলে এই ব্যয়ের চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ছে।

বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ার পর থেকেই সিন্থেটিক রাবার, নাইট্রাইল, প্যাকেজিং উপকরণ, অ্যালুমিনিয়াম ফয়েল এবং সিলিকন তেলের মতো গুরুত্বপূর্ণ কাঁচামালের দাম দ্রুত বাড়তে শুরু করে। মধ্যপ্রাচ্য থেকে পেট্রোকেমিক্যাল সরবরাহে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে কনডমের চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ফলে বাজারে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, যা মূল্যবৃদ্ধির ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

গোহ মিয়াহ কিয়াত আরও বলেন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে কনডমের ঘাটতি দেখা দিচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত অসংখ্য পণ্যবাহী জাহাজ সমুদ্রে আটকে থাকায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা যাচ্ছে না, যা সংকটকে আরও তীব্র করছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি বছরে পাঁচ হাজার মিলিয়নেরও বেশি কনডম উৎপাদন করে এবং ডিউরেক্স ও ট্রোজানের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস) এবং জাতিসংঘের বিভিন্ন সহায়তা কর্মসূচিতে পণ্য সরবরাহ করে থাকে।

বিশেষজ্ঞদের মতে, কনডমের দাম বাড়লে বৈশ্বিক পরিবার পরিকল্পনা কর্মসূচি ও জনস্বাস্থ্য উদ্যোগগুলো বড় ধরনের চাপে পড়তে পারে। এতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে, যেখানে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD