Logo

উত্তেজনার মধ্যেই দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল, ২০২৬, ১৩:৪০
উত্তেজনার মধ্যেই দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের একাধিক শহরে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের রাজধানী তেহরানের একটি প্রধান চত্বরে ‘ঘদর’ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এ সময় সেখানে উপস্থিত জনতা ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দেয়। পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার মজিদ মৌসাভিকে তেল আবিবে হামলার আহ্বান জানিয়ে স্লোগানও দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে তেহরানের আরেকটি বড় চত্বরে সমাবেশে ‘খোররামশাহর-৪’ নামে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ওই ক্ষেপণাস্ত্রটির সঙ্গে লক্ষ্য হিসেবে কাতারের একটি গ্যাস কোম্পানির ছবি লাগানো ছিল।

বিজ্ঞাপন

শুধু রাজধানী তেহরানেই নয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং মধ্যাঞ্চলের যানজান শহরেও একই ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন চত্বরে এসব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের সমাবেশে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা নিয়ে ইরানের প্রতি সমর্থন প্রদর্শন করেন। দেশটির সরকারি ও রাষ্ট্রীয় টেলিভিশন সাধারণ মানুষকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD