জ্বালানি সংকটে ২০ হাজার ফ্লাইট কাটছাঁট করল লুফথানসা

জ্বালানি বাজারে অস্থিরতা ও ব্যয় বেড়ে যাওয়ার প্রভাবে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির প্রধান বিমান সংস্থা লুফথানসা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি গ্রীষ্মকালীন সূচি থেকে প্রায় ২০ হাজার ফ্লাইট বাতিল করা হবে, যাতে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা যায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে লুফথানসা জানায়, এই কাটছাঁট কার্যকর থাকবে অক্টোবর পর্যন্ত। মূলত স্বল্প দূরত্বের অলাভজনক রুটগুলোই বাতিল করা হচ্ছে, বিশেষ করে ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ কেন্দ্রিক ফ্লাইটগুলোতে। তবে কোম্পানির দাবি, এতে মোট আসন সক্ষমতায় এক শতাংশেরও কম প্রভাব পড়বে।
লুফথানসা আরও জানায়, প্রতিদিন গড়ে প্রায় ১২০টি ফ্লাইট বাতিল করা হচ্ছে এবং যাত্রীদের আগেই বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন হয়েছে, যা মে মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
পরিবর্তিত সূচির অংশ হিসেবে পোল্যান্ডের বিদগশ্চ ও রেজশোভ এবং নরওয়ের স্টাভেঙ্গার রুট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু রুট গ্রুপের অন্য হাবের সঙ্গে একীভূত করা হচ্ছে, যাতে নেটওয়ার্ক আরও কার্যকর হয়। অন্যদিকে জুরিখ, ভিয়েনা ও ব্রাসেলস হাবে কিছু সেবা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, তাদের লক্ষ্য ইউরোপীয় নেটওয়ার্ককে আরও দক্ষ করা এবং দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইট সংযোগ বজায় রাখা। জ্বালানি ব্যয়ের চাপ মোকাবিলায় সরাসরি জ্বালানি ক্রয় এবং মূল্য ঝুঁকি নিয়ন্ত্রণ কৌশল (হেজিং) ব্যবহার করা হচ্ছে বলেও জানায় তারা।
লুফথানসা আরও জানায়, আগামী কয়েক মাসের জন্য সংশোধিত রুট পরিকল্পনা এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে প্রকাশ করা হবে। সেখানে গ্রীষ্মকালীন স্বল্প দূরত্বের ফ্লাইট নিয়ে আরও সমন্বয়ের ইঙ্গিত রয়েছে।
বিজ্ঞাপন
সংস্থাটির মতে, আগামী কয়েক সপ্তাহের জন্য জেট জ্বালানির সরবরাহ নিশ্চিত রয়েছে। তবে দীর্ঘমেয়াদে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে তারা বিকল্প কৌশল ও বাজার ব্যবস্থাপনার ওপর নির্ভর করছে।
সূত্র: ইউএনএন








