পেট্রোল ও ডিজেলের দাম কমালো চীন

বৈশ্বিক তেল বাজারে পরিবর্তনের প্রভাবের মধ্যে চীনে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এটাই প্রথমবার দেশটিতে জ্বালানি তেলের খুচরা দামে কাটছাঁট করা হলো বলে জানিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)। খবর বিবিসির।
বিজ্ঞাপন
চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে এনডিআরসি আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে প্রতি ১০ কার্যদিবস পরপর জ্বালানি তেলের দাম সমন্বয় করে থাকে। সর্বশেষ সমন্বয়ে পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ৫০ লিটার ধারণক্ষমতার ৯২-অকটেন পেট্রোলের একটি ট্যাঙ্ক পূর্ণ করতে চালকদের প্রায় ৩ ডলার (প্রায় ২.২২ পাউন্ড) সাশ্রয় হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
যুদ্ধ শুরুর পর থেকে বেইজিং একাধিক দফায় পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্য বৃদ্ধি করেছিল, যার ফলে দেশটিতে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও বৈশ্বিক বাজারে তেলের দাম কমার পরিবর্তে উল্টো বৃদ্ধি পেয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ওঠানামা দেখা গেছে।
বুধবার (২২ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এর সময় বাড়ানোর ঘোষণা দেন। এতে ইরানকে নতুন প্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হলেও বাজারে আগেই নেতিবাচক প্রভাব পড়ে।
বিজ্ঞাপন
মঙ্গলবার শুরুর দিকে ঊর্ধ্বমুখী থাকলেও দিনশেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৬ শতাংশ কমে যায়। একইভাবে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ২৯৩ পয়েন্ট বা ০.৬ শতাংশ কমে লেনদেন শেষ করে, যদিও এক পর্যায়ে এটি প্রায় ৪০০ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচকও ০.৬ শতাংশ হ্রাস পায়।
সূত্র: বিবিসি








