পাকিস্তানে ঈদের দিনেই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

পবিত্র ঈদুল আজহার দিন ভয়াবহ তাপপ্রবাহে পুড়েছে পাকিস্তান। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশের দাদু জেলায় বৃহস্পতিবার (২৮ মে) রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।
বিজ্ঞাপন
একই দিনে সিন্ধের লারকানা ও জ্যাকোবাবাদ জেলাতেও তাপমাত্রা পৌঁছায় ৫০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
এর আগে এক পূর্বাভাসে পিএমডি জানিয়েছিল, ঈদুল আজহার সময়জুড়ে দেশজুড়ে তীব্র গরম আবহাওয়া বিরাজ করবে। মে মাসের স্বাভাবিক গড় তাপমাত্রার তুলনায় এবার ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
বিজ্ঞাপন
তবে দাদু জেলার সর্বশেষ তাপমাত্রা সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বাস্তবে তাপমাত্রা তাদের ধারণার চেয়েও প্রায় ৪ দশমিক ৫ ডিগ্রি বেশি রেকর্ড হয়েছে।
সাম্প্রতিক পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন সিন্ধ, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪৭ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণেই এই তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
তবে দেশের সব অঞ্চলে একই পরিস্থিতি নেই। আজাদ কাশ্মির, গিলগিট-বাল্টিস্তান ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এসব এলাকায় আগামী কয়েক দিনে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সূত্র: ডন








