২ মিনিটের ব্যবধানে পরপর দুই ভূমিকম্প, কেঁপে উঠল কোস্টারিকা

কোস্টারিকার রাজধানী সান হোসেসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে পরপর দুটি মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে মাত্র দুই মিনিটের ব্যবধানে ভূমিকম্প দুটি অনুভূত হয়। এতে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও ভূমিধসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী সান হোসের কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে করোনাদো এলাকায়। ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় ওই এলাকায় বেশ জোরালো কম্পন অনুভূত হয়।
প্রথম কম্পনের রেশ কাটতে না কাটতেই মাত্র দুই মিনিট পর একই উৎপত্তিস্থল থেকে ৪ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই কম্পনটির মাত্রা ৪ দশমিক ৯ বলে রেকর্ড করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরপর দুটি ভূমিকম্পের পর সকালজুড়ে সান হোসেসহ পুরো অঞ্চলে বেশ কয়েকটি মৃদু আফটারশক বা অনুকম্পন অনুভূত হতে থাকে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের প্রভাবে একটি সড়কে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কিছু ভবনে সামান্য ফাটলসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি শনাক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন। পাশাপাশি পরবর্তী সময়ে আরও কোনো অনুকম্পন অনুভূত হয় কি না, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।








