এক মাসে ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি সরকার গঠনের পর মাত্র এক মাসে রাজ্য থেকে প্রায় ৪ হাজার ৮০০ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক ৮৬৩ জনের নথি যাচাই চলছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (৮ জুন) কলকাতায় বিজেপির একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে ভারত–বাংলাদেশ সীমান্তে একাধিক হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে, যেখানে আটক ব্যক্তিদের রাখা হচ্ছে বলে দাবি তার।
বিজ্ঞাপন
এছাড়া তিনি জানান, সীমান্ত সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের ‘চিকেন নেক’ এলাকাকে। তার ভাষ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় স্থাপনা ও নজরদারি জোরদার করতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে প্রায় ১০০ কিলোমিটার জমি দেওয়া হয়েছে এবং আরও ৫৫৬ কিলোমিটার হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
শুভেন্দু অধিকারীর দাবি, যারা সিএএ-এর আওতায় পড়েননি, তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আইন অনুযায়ী ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তার বক্তব্য, আগে এসব ক্ষেত্রে কঠোর ব্যবস্থা না নিয়ে অনেক ক্ষেত্রে আলাদা সুবিধা দেওয়া হতো।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার বিভিন্ন জেলায় হোল্ডিং স্টেশন স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেখানে থাকা ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৮০০ জনকে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে এবং বর্তমানে ৮৩৬ জন আটক রয়েছেন বলে তিনি দাবি করেন।
বিজ্ঞাপন
তার মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত না করলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তিনি আরও মন্তব্য করেন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ও ভৌগোলিক পরিস্থিতিতে পরিবর্তন ইতোমধ্যে দৃশ্যমান।








