Logo

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলায় নিহত ১২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ১৫:৩২
দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলায় নিহত ১২
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১০ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও ৯ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের বিবৃতিতে জানানো হয়, ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়ি থেকে ১০ জনের বেশি সন্দেহভাজন নেমে আসে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হামলাকারীরা একাধিক দিক থেকে বস্তিতে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে একই গাড়িতে করে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য জরুরি চিকিৎসা দলও পাঠানো হয়।

পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাস্থলেই ৮ জন পুরুষ ও ৩ জন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত অন্তত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্তাধীন।

বিজ্ঞাপন

বিবিসির তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম সহিংস দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন নিহত হন। গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।

এর আগে গত বছর জোহানেসবার্গের একটি পানশালায় বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

সাউথ আফ্রিকান গান ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং একই সংখ্যার কাছাকাছি লাইসেন্সবিহীন অস্ত্রও থাকতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD