হরমুজে ৩ ভারতীয় নাবিক নিহত, শোক প্রকাশ ইরানের

হরমুজ প্রণালীর ওমান উপকূল এলাকায় মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ প্রতিক্রিয়া জানান।
বিজ্ঞাপন
বার্তায় ইসমাইল বাঘায়েই অভিযোগ করেন, একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলা এবং তাতে তিন ভারতীয় নাগরিকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের আচরণ সম্পর্কে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তার ভাষায়, এ ঘটনা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌপথে শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করছে।
তিনি নিহতদের পরিবার, স্বজন, ভারতের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুক্তরাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ জুন হরমুজ প্রণালীর ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ও ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ২৪ জন ছিলেন ভারতীয় নাগরিক।
হামলার পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী নিশ্চিত করেন যে নিখোঁজ তিনজনই নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এবং জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।








