Logo

নেতাদের ‘ডিম থেরাপি’ দিতে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পচা ডিম!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন, ২০২৬, ২০:৫৭
নেতাদের ‘ডিম থেরাপি’ দিতে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পচা ডিম!
ছবি : জনবাণী গ্রাফিক্স

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি এক ব্যতিক্রমী প্রতিবাদ পদ্ধতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপের ঘটনা বাড়তে থাকায় রাজ্যজুড়ে পচা ডিমের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাজারে ভালো ডিমের তুলনায় পচা ডিমের মূল্য এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

বিজ্ঞাপন

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন সময় সাবেক মন্ত্রী, পঞ্চায়েত প্রতিনিধি এবং পৌর প্রশাসনের দায়িত্বে থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে কয়েকজন প্রভাবশালী নেতার গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

এসব ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ এখন প্রকাশ পাচ্ছে ভিন্নধর্মী উপায়ে। বিভিন্ন স্থানে অভিযুক্ত নেতাদের দেখা গেলেই বিক্ষোভকারীরা ‘চোর-চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের দিকে পচা ডিম ছুড়ে প্রতিবাদ জানাচ্ছেন। রাজ্যের রাজনৈতিক মহলে এই ধরনের কর্মসূচি এখন ‘ডিম থেরাপি’ নামে পরিচিতি পেয়েছে।

বিজ্ঞাপন

দুর্নীতির মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালত বা থানায় নেওয়ার সময় অনেক জায়গায় বিক্ষুব্ধ জনতা আগে থেকেই জড়ো হচ্ছেন। হাতে পচা ডিম নিয়ে তারা অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।

তবে সব সময় লক্ষ্যভেদ হচ্ছে না। অনেক ক্ষেত্রে ছোড়া ডিম নেতাদের পরিবর্তে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গায়েও গিয়ে পড়ছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।

রাজনৈতিক প্রতিবাদের এই নতুন প্রবণতার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। আগে যেসব পচা ডিম বিক্রেতারা ফেলে দিতেন বা কোনো কাজে ব্যবহার হতো না, এখন সেগুলোই হয়ে উঠেছে সবচেয়ে চাহিদাসম্পন্ন পণ্য।

বিজ্ঞাপন

রাজ্যের বিভিন্ন আদালত চত্বরে ও রাজনৈতিক কর্মকাণ্ডের আশপাশে ডিম বিক্রেতাদের ভিন্ন ধরনের হাঁকডাকও শোনা যাচ্ছে। অনেকেই মজা করে ক্রেতাদের উদ্দেশে বলছেন—“ভালো ডিম ১০ রুপি, পচা ডিম ২০ রুপি।”

উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকার এক পাইকারি ডিম ব্যবসায়ী জানান, আগে নষ্ট হয়ে যাওয়া ডিম বিক্রি করার তেমন সুযোগ ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে পচা ডিম সংগ্রহ করতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক বিক্ষোভে ডিম ছোড়ার প্রবণতা জনপ্রিয় হয়ে ওঠার পর থেকেই পচা ডিমের বাজার তৈরি হয়েছে। ফলে আগে যেগুলো অবিক্রীত থাকত, এখন সেগুলোরও আলাদা ক্রেতা পাওয়া যাচ্ছে।

পচা ডিম নিক্ষেপের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে জনরোষের দৃশ্য যেমন দেখা যাচ্ছে, তেমনি অনেক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিক্ষোভকারীদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার চিত্র উঠে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়; বরং দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের প্রতি জনগণের অসন্তোষ প্রকাশের একটি নতুন মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে।

বিজ্ঞাপন

সাধারণ মানুষের কাছে বিষয়টি অনেক সময় কৌতুক বা বিনোদনের উপাদান হিসেবে দেখা গেলেও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদের জন্য এটি বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আদালত কিংবা জনসমাগমস্থলে উপস্থিত হওয়ার সময় তাদের এখন শুধু আইনি লড়াই নয়, জনরোষের এই প্রতীকী প্রতিবাদের মুখোমুখিও হতে হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD