Logo

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, হরমুজে মার্কিন অবরোধ প্রত্যাহার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন, ২০২৬, ১৩:০৬
ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, হরমুজে মার্কিন অবরোধ প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের অনুমোদনের ঘোষণাও দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে। তিনি হরমুজ প্রণালী ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা অনুমোদনের পাশাপাশি সেখানে আরোপিত মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য ও তেল পরিবহন স্বাভাবিকভাবে চালু রাখার আহ্বান জানান।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সোমবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

শেহবাজ শরিফের দাবি অনুযায়ী, উভয় দেশ তাৎক্ষণিক ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় লেবাননসহ সংশ্লিষ্ট বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে চুক্তি সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর খবর প্রচার করেছে। দেশটির কয়েকটি গণমাধ্যম এই চুক্তিকে ইরানের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে।

যদিও চুক্তির বিস্তারিত শর্ত, বাস্তবায়ন প্রক্রিয়া এবং উভয় পক্ষের আনুষ্ঠানিক অবস্থান সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD