Logo

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১৫:৪৫
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চীন। ২০১৭ সালের পর এই প্রথম কোনো চীনা সুপারকম্পিউটার বৈশ্বিক র‍্যাংকিংয়ের এক নম্বর অবস্থানে উঠে এসেছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক ‘টপ৫০০’ র‍্যাংকিং অনুযায়ী, চীনের শেনজেনে অবস্থিত ‘লাইনশাইন’ নামের সুপারকম্পিউটারটি শীর্ষস্থান অর্জন করেছে। এর আগে এই অবস্থানে ছিল যুক্তরাষ্ট্রের ‘এল ক্যাপিটান’ সুপারকম্পিউটার।

‘টপ৫০০’ প্রকল্পের বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, চীনের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে স্থাপিত লাইনশাইন প্রতি সেকেন্ডে ২ দশমিক ১৯৮ এক্সাফ্লপস গতিতে গণনা করতে সক্ষম। অর্থাৎ এটি এক সেকেন্ডে ২ কুইন্টিলিয়নেরও বেশি হিসাব-নিকাশ সম্পন্ন করতে পারে।

বিজ্ঞাপন

সর্বশেষ র‍্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির ‘এল ক্যাপিটান’ দ্বিতীয় স্থানে নেমে গেছে। তৃতীয় ও চতুর্থ অবস্থানেও রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি সুপারকম্পিউটার, যা টেনেসি ও ইলিনয়ের জাতীয় গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে জার্মানির ‘জুপিটার’ সুপারকম্পিউটার বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। এই পাঁচটিই বর্তমানে বিশ্বের একমাত্র প্রকাশ্যে যাচাইকৃত ‘এক্সাস্কেল’ সক্ষমতার সুপারকম্পিউটার।

বিশেষজ্ঞদের মতে, লাইনশাইনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অধিকাংশ আধুনিক সুপারকম্পিউটারের মতো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) নির্ভর নয়। বরং এটি সম্পূর্ণভাবে প্রচলিত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) প্রযুক্তির ওপর পরিচালিত হয়।

বিজ্ঞাপন

‘টপ৫০০’-এর তথ্য অনুযায়ী, এই সুপারকম্পিউটার পরিচালনায় প্রায় ৪২ দশমিক ২ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD