যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চান নেতানিয়াহু

সামরিক ও প্রযুক্তিখাতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশেষ করে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতা অর্জনকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি পশ্চিম তীরের গুশ এৎজিওন এলাকার একটি সামরিক ঘাঁটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু এ মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সহায়তা ও সমর্থন দিয়ে আসছে এবং সে জন্য তিনি কৃতজ্ঞ। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
বিজ্ঞাপন
নেতানিয়াহুর ভাষ্য, ইসরায়েলের উচিত নিজস্ব চাহিদা অনুযায়ী অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা অর্জন করা। পাশাপাশি সামরিক ও বেসামরিক উভয় খাতেই প্রযুক্তিগত উন্নয়ন জোরদার করা প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে দুই মিত্র দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইসরায়েল সরকারের সমালোচনা করে বলেন, যদি তিনি ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য হতেন, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিত্র দেশের সঙ্গে এমন আচরণ করতেন না।
বিজ্ঞাপন
ভ্যান্স আরও মন্তব্য করেন, গত কয়েক মাসে ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করেছে, তার বড় অংশই যুক্তরাষ্ট্রের সহায়তায় সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েল অনেক সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করে এবং ওয়াশিংটনের ওপর নির্ভরশীল অবস্থান বজায় রাখতে চায়।
নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যকে অনেক পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা ও প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির কৌশলগত বার্তা হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
সূত্র: আনাদোলু এজেন্সি








