পশ্চিমবঙ্গে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূলের কার্যালয়

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে উচ্ছেদ অভিযানে তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে প্রশাসন। সরকারি জমি দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল বলে প্রশাসনের দাবি।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) ব্যারাকপুর পৌরসভার ২, ৮, ১৪ ও ২০ নম্বর ওয়ার্ডে অবস্থিত কয়েকটি দলীয় কার্যালয়ে বুলডোজার চালানো হয়। উচ্ছেদ অভিযান ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয় দমকল বাহিনীকেও।
সংশ্লিষ্ট স্থাপনাগুলো সরকারি জমি দখল করে নির্মাণ করা হয়েছিল। সেই কারণেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে এ অভিযানের সমালোচনা করেছেন স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতা রমেশ সাউ। তিনি দাবি করেন, ভেঙে ফেলা কার্যালয়টির জমি সরকারি নয়। তার বক্তব্য অনুযায়ী, জমিটি আগে সুধীর সাহা নামে এক ব্যক্তির মালিকানায় ছিল এবং সেখানে একটি সাইকেল মেরামতের দোকান পরিচালিত হতো। পরে তিনি ওই জমি কিনে নেন।
রমেশ সাউ বলেন, কার্যালয় ভাঙার বিষয়ে আগে থেকে তাকে কিছু জানানো হয়নি। ঘটনাস্থলে এসে তিনি দেখেন বুলডোজার দিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শিগগিরই আদালতের শরণাপন্ন হবেন।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ব্যারাকপুরের এ ঘটনাও সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।








