হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে আসছে ট্রেনের বগি

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো ভারত থেকে যাত্রীবাহী রেল কোচ আসতে যাচ্ছে। আগামী জুলাই মাসে ২০টি ব্রডগেজ কোচ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে এবং এগুলো আগামী মাসে বাংলাদেশে হস্তান্তর করা হবে।
বাংলাদেশের জন্য ৯১৫ কোটি রুপি ব্যয়ে ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহের যে চুক্তি হয়েছে, এই ২০টি কোচ তারই প্রথম ধাপের চালান। প্রকল্পটির অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২৪ সালের মে মাসে কোচ নির্মাণের দায়িত্ব পায় ভারত। বর্তমানে কোচগুলো ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় তৈরি করা হচ্ছে।
ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির আওতায় প্রথম ব্যাচের কোচ আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত হবে এবং বাংলাদেশে সরবরাহের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পটির অগ্রগতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বর্তমানে কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।
বিজ্ঞাপন
এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে। দুই দেশের পরিবহন ও রেল যোগাযোগ সহযোগিতার অংশ হিসেবেই এসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
সর্বশেষ চুক্তি অনুযায়ী শুধু কোচ সরবরাহই নয়, ডিজাইন সহায়তা, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং পরিচালনাগত সহায়তাও প্রদান করবে ভারত।








