হরমুজ প্রণালিতে সামুদ্রিক নৌ করিডোর চালু করল ওমান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে নতুন একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সঙ্গে সমন্বয় করে করিডোরটি চালু করেছে ওমান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং বৈশ্বিক অর্থনীতিতে এর ভূমিকা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওমান জানিয়েছে, নতুন করিডোর ব্যবহারের জন্য কোনো ধরনের ফি বা অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না। তবে এ পথে চলাচলকারী জাহাজগুলোকে আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে।
বিজ্ঞাপন
এদিকে হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজের কাছ থেকে ইরানের সম্ভাব্য টোল আদায়ের পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য কোনো দেশকে অন্য দেশের কাছে টোল দিতে বাধ্য করা যায় না। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও প্রচলিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পথে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরবে না। তার দাবি, ভবিষ্যতে এ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের কাছে টোল পরিশোধ করতে হবে।
গালিবাফের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এর বিরোধিতা করে প্রতিক্রিয়া জানান মার্কো রুবিও। এর আগেও তিনি একই ধরনের প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগস্থল ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিচালিত হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি








