Logo

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১৮:০৭
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস
ছবি: সংগৃহীত

ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সহায়তায় স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচারের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

বেনেটের অভিযোগ, আন্দোলনকারীদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ইরানে ১০ হাজারের বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের পরিকল্পনা হাতে নিয়েছিল ইসরায়েল। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সেই উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

স্টারলিংক হলো মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা। ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, দেশটির নিরাপত্তা বিঘ্নিত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ ধরনের ডিভাইস গোপনে প্রবেশ করানোর চেষ্টা করছে।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, ইরানে স্টারলিংক ব্যবহারের সরকারি অনুমোদন নেই। তবে এর আগে ইলন মাস্ক দেশটিতে সেবাটি চালু থাকার দাবি করেছিলেন।

বেনেট বলেন, রিসিভার সরবরাহের উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় সহজ করা এবং শেষ পর্যন্ত ইরানের সরকারের বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করা। তার ভাষ্য অনুযায়ী, পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়িত হলে আন্দোলনকারীরা ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্যেও যোগাযোগ বজায় রাখতে পারতেন।

তিনি আরও দাবি করেন, বর্তমান ইসরায়েলি সরকার প্রকল্পটি এগিয়ে নেয়নি, ফলে আন্দোলনের সময় প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

তবে বেনেটের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়। একইভাবে স্পেসএক্সও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের সময় একাধিকবার ইন্টারনেট সীমিত বা বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে দেশজুড়ে বিক্ষোভ এবং পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাকালেও ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রয়টার্সের আগের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইন্টারনেট বন্ধ থাকাকালে অনেক ইরানি বিকল্প হিসেবে স্টারলিংক ব্যবহারের চেষ্টা করেছিলেন।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD