Logo

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বাধা দেওয়ার যৌক্তিকতা নেই: শেহবাজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১৯:০৭
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বাধা দেওয়ার যৌক্তিকতা নেই: শেহবাজ
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানেরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, কিছু দেশের জন্য এক ধরনের নীতি এবং ইরানের জন্য ভিন্ন নীতি গ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হতে পারে না।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) ইসলামাবাদে সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেহবাজ শরিফ জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, এই সমঝোতায় ক্ষেপণাস্ত্রের বিষয়টি ছিল না। এটি আলোচ্যসূচির অংশও ছিল না এবং ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি।”

বিজ্ঞাপন

আন্তর্জাতিক রাজনীতিতে দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “বিশ্বে এমন পরিস্থিতি গ্রহণযোগ্য হতে পারে না, যেখানে কিছু দেশ ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে পারবে, কিন্তু ইরান পারবে না। এ ধরনের অবস্থান স্পষ্টতই বৈষম্যমূলক।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, কিছু মহল শান্তি চুক্তিকে ব্যর্থ করার চেষ্টা করছে, যাতে যুদ্ধের ক্ষতি কাটিয়ে ইরান পুনরায় ঘুরে দাঁড়াতে না পারে।

তিনি বলেন, চলমান শান্তি প্রক্রিয়া ও যুদ্ধবিরতি বাস্তবায়নে তুরস্ক, কাতার, সৌদি আরব এবং মিসরের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েল ও ইরান সংশ্লিষ্ট সামরিক উত্তেজনার পর এটিই ছিল ইরানের প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল সংঘাত নিরসনের পথ তৈরি হয় এবং সম্প্রতি একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগামী সপ্তাহে তেহরান সফরে যাওয়ার কথাও জানিয়েছেন শেহবাজ শরিফ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD