ডেঙ্গু মোকাবিলায় মাঠে নামছে সেনাবাহিনী

শ্রীলঙ্কায় ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন এক হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
বিজ্ঞাপন
মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ডেঙ্গু বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে।
সরকার জানিয়েছে, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করাই হবে এই অভিযানের মূল লক্ষ্য। পাশাপাশি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলায় মশার বংশবিস্তার ঘটবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক ভারী বৃষ্টি, বন্যার কারণে জমে থাকা পানি এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এসব স্থান পরিষ্কারে বুধবার থেকে দেশজুড়ে অভিযান শুরু হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৯ জন। জুন মাস থেকে সংক্রমণের হার দ্রুত বাড়তে শুরু করেছে।
তবে ২০১৭ সালের ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির তুলনায় বর্তমান সংক্রমণ এখনো কম। ওই বছর দেশটিতে প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং ৪৪০ জনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, রোগীর সংখ্যা আরও বাড়লে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। ইউনিটের প্রধান কপিলা কানানগারা বলেন, হাসপাতালগুলো ইতোমধ্যেই চাপের মধ্যে রয়েছে এবং ২০১৭ সালের মতো পরিস্থিতি যেন আবার না তৈরি হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি








