ভূমিকম্পের পর ভেনেজুয়েলাকে ১৫ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য ১৫ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল, আধুনিক সরঞ্জাম, অস্থায়ী আশ্রয়ের তাঁবু, মানবিক সহায়তাবাহী নৌবাহিনীর দুটি জাহাজ, কয়েকটি হেলিকপ্টার এবং উড়োজাহাজ পাঠানোরও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি দুর্যোগের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
পোস্টে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে তার সঙ্গে কথা বলেছেন। তারা ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত সহায়তা পাঠানোর কথা জানিয়েছেন।
এর আগে শুক্রবার দেলসি রদ্রিগেজ ও দেশটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের নর্দান কমান্ডের প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানান, ভেনেজুয়েলার পরিস্থিতি ওয়াশিংটনে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং দ্রুত সহায়তা পৌঁছানো হবে।
গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুটি ভূমিকম্পের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।
বিজ্ঞাপন
এ পর্যন্ত রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকা থেকে ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। এখনো ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষের মতে, এটি ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্প। অসংখ্য ভবন ও বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় হাজারো পরিবার এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের খুঁজে ফিরছে।
বিজ্ঞাপন
এরই মধ্যে শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে আবারও ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।
সূত্র: এএফপি








