Logo

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার ঘোষণা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন, ২০২৬, ১৩:৪২
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আইআরজিসির দাবি, তাদের নৌবাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটি ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে মার্কিন হামলাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে আইআরজিসি সতর্ক করেছে, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। একই সঙ্গে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল এখন থেকে ইরানের সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করবে।

বিজ্ঞাপন

এর আগে ইরান ঘোষণা দেয়, হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত টোল পরিশোধের পাশাপাশি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

গত বৃহস্পতিবার ওমান উপকূল ঘেঁষে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলি-তে বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়। ইরানের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই জাহাজটি ওই পথ ব্যবহার করায় হামলা চালানো হয়েছিল। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার ব্যবস্থায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিজ্ঞাপন

এদিকে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ইরানের পরিকল্পনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও ওমান—একটি যৌথ বিবৃতি দিয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের ভূমিকা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা সম্ভব নয়।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD