ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিতর্কে জিও নিউজের লাইসেন্স স্থগিত

মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে ধর্মীয়ভাবে স্পর্শকাতর বিষয়বস্তু সম্প্রচারের অভিযোগে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।
বিজ্ঞাপন
নিয়ন্ত্রক সংস্থার দাবি, গত ২৬ জুন প্রচারিত একটি অনুষ্ঠানে এমন কিছু ধর্মীয় দৃশ্য সম্প্রচার করা হয়, যা জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি করে।
ঘটনার পর রবিবার (২৮ জুন) এক বিবৃতিতে জিও নিউজ দুঃখ প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট ভিডিওটি অনিচ্ছাকৃতভাবে প্রচারিত হয়েছে। এটি কোনোভাবেই প্রতিষ্ঠানটির সম্পাদকীয় নীতি বা ধর্মীয় অবস্থানের প্রতিফলন নয়।
বিজ্ঞাপন
চ্যানেলটির পক্ষ থেকে আরও জানানো হয়, বিতর্কিত ভিডিওটি তাদের সব সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই প্রতিবেদনে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে প্রচলিত ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং স্থানীয় সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কেবল সাংস্কৃতিক বাস্তবতা উপস্থাপন করা, কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদকে সমর্থন করা নয়।
পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলেছে, বিষয়টি প্রচারের ক্ষেত্রে জিও নিউজ যথাযথ সম্পাদকীয় সতর্কতা অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। এ কারণে চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি পরবর্তী পর্যালোচনার জন্য নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ পরিষদেও পাঠানো হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে মহানবি হজরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের অন্যান্য সম্মানিত ব্যক্তিত্বের চিত্রায়ন অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়। অতীতে এ ধরনের বিষয়কে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনার ঘটনাও ঘটেছে।
বিজ্ঞাপন
বিশেষ করে মহররম মাসে ধর্মীয় আবেগ ও সংবেদনশীলতা বিবেচনায় রেখে প্রতিবছরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পাকিস্তান সরকার, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
এদিকে, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে রয়েছে পাকিস্তান। বিভিন্ন সময় দেশটিতে টেলিভিশন চ্যানেলের সম্প্রচার স্থগিত, বিধিনিষেধ আরোপ এবং সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








