Logo

মঙ্গলবার দোহায় ফের যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন, ২০২৬, ১৮:২৪
মঙ্গলবার দোহায় ফের যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: ট্রাম্প
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, আগামীকাল দোহায় এ আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস, সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, টানা দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর উভয় দেশ সংঘাত থামিয়ে কূটনৈতিক আলোচনায় ফিরতে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বর্তমানে দুই পক্ষের মধ্যে পরিস্থিতি শান্ত রয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও স্বাভাবিক রয়েছে।

গত ২৫ জুন গভীর রাতে হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ওঠে ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্রের গুদাম ও রাডার স্থাপনায় পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এরপর প্রায় দুই দিন ধরে সেন্টকম ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালায়। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায় আইআরজিসি।

বিজ্ঞাপন

তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ওই হামলায় কোনো ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়নি। কুয়েত ও বাহরাইনের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করেছে।

পরে আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করে, ২৫ জুন ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর পরিণতি মার্কিন বাহিনীকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD