Logo

ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার বাবা-ছেলে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন, ২০২৬, ১৭:০২
ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার বাবা-ছেলে
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবারের এ উদ্ধার অভিযানে নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকর্মীরা। আরও জীবিত মানুষকে খুঁজে পেতে তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিযান চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লা গুয়াইরা এলাকায় উদ্ধারকর্মীরা বাবা-ছেলেকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন। উদ্ধার হওয়ার সময় দুজনই অত্যন্ত দুর্বল ছিলেন এবং তাদের মুখে অক্সিজেন মাস্ক পরানো ছিল। পরে কাপড়ের অস্থায়ী স্ট্রেচারে করে তাদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

গত বুধবারের জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রায় ১ হাজার ৫০০ জন নিহত হন। এছাড়া হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে বিশেষ সার্চ ক্যামেরা ব্যবহার করে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফরাসি বেসামরিক নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানান, চার দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় বাবা-ছেলে দুজনই চরম দুর্বল হয়ে পড়েছেন। তাদের শরীরে পানিশূন্যতা দূর করা এবং প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। তবে উদ্ধার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।

এই উদ্ধার অভিযানে ফরাসি বেসামরিক নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দলের সদস্যরাও অংশ নিয়েছেন। এর আগের দিন একই এলাকায় ধ্বংসস্তূপ থেকে এক মা ও তার ৯ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের ৭২ ঘণ্টা পার হওয়ার পর ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই নিখোঁজদের উদ্ধারে প্রতিটি মুহূর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD