Logo

ইউক্রেনের সপ্তাহজুড়ে হামলায় রাশিয়ায় নিহত ৪২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১৬:৪৫
ইউক্রেনের সপ্তাহজুড়ে হামলায় রাশিয়ায় নিহত ৪২
ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে ইউক্রেনের হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে দুই শিশুসহ অন্তত ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ২৮৫ জন। রুশ কর্তৃপক্ষের দাবি, এই সময়ের মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় ৫ হাজার ১০০টির বেশি হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত রোডিয়ন মিরোশনিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

মিরোশনিক বলেন, গত এক সপ্তাহে ইউক্রেনের হামলায় মোট ৩২৭ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এর মধ্যে নয়জন অপ্রাপ্তবয়স্কসহ ২৮৫ জন আহত এবং দুই শিশুসহ ৪২ জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বেলগোরোদ, ভোরোনেজ, দোনেৎস্ক, জাপোরোজিয়ে ও খেরসন অঞ্চলে।

বিজ্ঞাপন

তার অভিযোগ, ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলার পাশাপাশি রুশ নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় মাইনও পেতে রাখছে। ব্রিয়ানস্ক অঞ্চলের নিজনিয়ে গ্রামের একটি উৎপাদন কারখানায় বিস্ফোরক বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বেলগোরোদ অঞ্চলের প্লোস্কোয়ে গ্রামে একজন নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

মিরোশনিক আরও দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী চিকিৎসা প্রতিষ্ঠান ও জরুরি সেবার যানবাহনকেও লক্ষ্যবস্তু করছে। খেরসন অঞ্চলে একটি এফপিভি (FPV) ড্রোন হামলায় একটি অ্যাম্বুলেন্সে থাকা নারী প্যারামেডিক নিহত হন এবং চালক গুরুতর আহত হন। এছাড়া জাপোরঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় ভাসিলিয়েভস্কায়া কেন্দ্রীয় জেলা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, পশ্চিমা মিত্রদের কাছ থেকে ২০৩০ সালের মধ্যে অন্তত ১৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তা পাওয়ার আশা করছে ইউক্রেন। রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনের রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই অর্থ সহায়তা দেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, অ্যাংকোরেজ ও ইস্তাম্বুল চুক্তি এবং বর্তমান বাস্তবতার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত।

সূত্র: তাস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD