নরেন্দ্র মোদীর মুখোশ পরে চুরির চেষ্টা, ভিডিও ভাইরাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ পরে মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করেছেন এক ব্যক্তি। তবে তালা ভাঙতে ব্যর্থ হয়ে তিনি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলায় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার রাতে ভিলওয়ারার কারেদা থানা এলাকায় ঘটনাটি ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা ওই ব্যক্তি লোহার রড দিয়ে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। রাজনৈতিক সমাবেশে ব্যবহৃত মুখোশের মতোই তার মুখে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদলে তৈরি একটি মুখোশ।
পুলিশের তথ্য অনুযায়ী, একাধিকবার চেষ্টা করেও তালা ভাঙতে না পেরে সন্দেহভাজন ব্যক্তি সেখান থেকে চলে যান। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ায় পরে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বিজ্ঞাপন
কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুরণমল মিনা জানান, চুরির চেষ্টার সময় সন্দেহভাজন ব্যক্তি মুখোশ পরে থাকলেও আশপাশের অন্য সিসিটিভি ক্যামেরায় তার মুখ স্পষ্টভাবে দেখা গেছে। সেই ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, একই ব্যক্তিকে দিনের বেলায় মুখোশ ছাড়াই একই পোশাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এছাড়া চুরির চেষ্টার স্থান থেকে প্রায় ৮০০ মিটার দূরের আরেকটি মোবাইল ফোনের দোকানেও একই রাতে চুরির ঘটনা ঘটে। তবে দুটি ঘটনার মধ্যে একই ব্যক্তি জড়িত কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: পিটিআই








