মনিবের অবাধ্য হলে কঠোর শিক্ষা দেব, ইসরায়েলি মন্ত্রীকে আরাঘচি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তেহরান-তেল আবিব সম্পর্কে। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ইসরায়েল ‘হত্যার জন্য চিহ্নিত’ করে রেখেছে বলে কাৎজের মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বিজ্ঞাপন
তিনি ইসরায়েলি নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পোষা প্রাণী’ বলে কটাক্ষ করেন। একই সঙ্গে দাবি করেন, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের নেতাদের ‘চুপ’ রাখবেন। তবে তারা যদি সেই নির্দেশ অমান্য করে, তাহলে ইরান কঠোর জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন আরাঘচি।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো অত্যন্ত স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবের নেতাদের নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার করেছেন। কিন্তু তারা যদি নিজেদের ‘মনিবের’ নির্দেশ না মানে, তাহলে ইরান তাদের উপযুক্ত শিক্ষা দেবে।
বিজ্ঞাপন
আরাঘচি আরও বলেন, ইরানের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েল কোনো ধরনের হুমকি বা পদক্ষেপ নিলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে দুই সপ্তাহ আগে স্থায়ীভাবে সংঘাত বন্ধে ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। ওই সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালাবে না।
সূত্র: আল জাজিরা








