কাতারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুধবারের কারিগরি বৈঠকের আগে আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে মার্কিন দূত স্টিভ হুইটেকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তবে তারা কেউই চলমান আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন না।
জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে কোনো মুখোমুখি বৈঠক হচ্ছে না। ওয়াশিংটনের দাবি, তেহরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ইরান সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে জানিয়েছে, বর্তমান আলোচনা মূলত অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়ন নিয়ে। এর মধ্যে জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টিও রয়েছে।
এ বিষয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউট–এর বিশ্লেষক অ্যালেক্স ভ্যাটাঙ্কা বলেন, এই সমঝোতা বাস্তবায়ন নিয়ে ইরানের অভ্যন্তরে বিরোধিতা বাড়ছে। তার মতে, কাগজে-কলমে চুক্তিটি আকর্ষণীয় হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ বহাল রেখেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে ঘিরে অনিশ্চয়তা এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইরাক ও লেবাননের আকাশপথ ব্যবহারেও সতর্কতা জারি করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
ইএএসএ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথে চলাচলকারী বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সংস্থাটি এই অঞ্চলের জন্য সংঘাত-সংক্রান্ত সতর্কতার মেয়াদ ১ জুলাই থেকে বাড়িয়ে ৮ জুলাই পর্যন্ত করেছে।
সূত্র: টিটিএন








