এবার পাকিস্তানে পাল্টা হামলা চালাল আফগানিস্তান

পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে সীমান্তবর্তী কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এ ঘটনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক সতর্কবার্তা দিয়েছে।
বিজ্ঞাপন
তালেবান সরকারের দাবি, তাদের বাহিনী পাকিস্তান সীমান্তসংলগ্ন কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তান থেকে প্রবেশ করা চারটি সাধারণ ধরনের ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানির জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে ইসলামাবাদ।
বিজ্ঞাপন
তবে আফগানিস্তানের দাবি করা পাল্টা হামলার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি।
গত রোববার পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হন। তবে তালেবান সরকারের দাবি, নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১৬০ জনের বেশি। তাদের অভিযোগ, হামলায় বহু বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালেবান প্রশাসন এই হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘নৃশংস’ আখ্যা দিয়ে বিনা উসকানিতে বেসামরিক মানুষের ওপর হামলা চালানোর অভিযোগ করেছে পাকিস্তানের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
অন্যদিকে পাকিস্তান বলছে, তারা সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান এবং আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পরিচালিত অভিযানে ২৯ জন জঙ্গি নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের দেওয়া হতাহত ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ডে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর সাম্প্রতিক বিমান হামলা ও পাল্টা হামলার ঘটনায় দুই দেশের সীমান্তে আবারও অস্থিরতা বেড়েছে। এর আগে কয়েক সপ্তাহের সংঘর্ষের পর গত অক্টোবরে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই সমঝোতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
বিজ্ঞাপন
দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত এলাকায় সংঘর্ষ ও বিমান হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি হয়েছে। গত জুনে পাকিস্তান এক বিমান হামলায় ২৬ জন জঙ্গি নিহত হওয়ার দাবি করলেও তালেবান সরকারের ভাষ্য ছিল, ওই হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের অধিকাংশই শিশু।
সূত্র: বিবিসি








