Logo

ইউক্রেনে রুশ বাহিনীর রাতভর ব্যাপক হামলা, ১০ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৪:১০
ইউক্রেনে রুশ বাহিনীর রাতভর ব্যাপক হামলা, ১০ জন নিহত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এবং রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পৃথক বার্তায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। টকাচেঙ্কোর ভাষ্য অনুযায়ী, কিয়েভ ও এর আশপাশের অন্তত ৩৬টি এলাকায় মানববিহীন ড্রোন (ইউএভি) এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, কিয়েভ ও আশপাশের সামরিক স্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ-সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার উচ্চ-নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

রুশ কর্তৃপক্ষের দাবি, অভিযানে মূল লক্ষ্য ছিল ইউক্রেনীয় বিমানবাহিনীর বিমানঘাঁটিগুলো। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনীয় বাহিনীর হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারি সফরে আয়ারল্যান্ডে ছিলেন। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরছেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশবাসীকে সতর্ক থাকার এবং সাইরেন বাজলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

সূত্র: এএফপি, আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD