Logo

থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় নিহত ৮ বৌদ্ধ সন্ন্যাসী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৬:৪৭
থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় নিহত ৮ বৌদ্ধ সন্ন্যাসী
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে তীর্থযাত্রার সময় একটি পিকআপ ট্রাকের চাপায় অন্তত আট বৌদ্ধ সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রায় অংশ নেওয়া সন্ন্যাসীরা সড়ক ধরে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের ওপর উঠে যায়।

স্থানীয় সূত্র জানায়, সন্ন্যাসীদের দলটি উবোন রাতচাথানি প্রদেশের নাম খুন জেলা থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার সময় তারা মুকদাহানের না সি নুয়ান বাজারসংলগ্ন এলাকায় পৌঁছেছিলেন।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচ সন্ন্যাসীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার আগে ৩৪ সদস্যের সন্ন্যাসীদলটি ওয়াত রই প্রা পুত্তাবাত ফু মানোরোম মন্দিরে সকালের খাবার গ্রহণ করে দন তান জেলার উদ্দেশে পদযাত্রা শুরু করেছিল।

তদন্তে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ইসুজু পিকআপটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর। পরিবারের কাউকে না জানিয়ে সে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সন্ন্যাসীদের ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে মুয়াং জেলা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD