আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিচ্ছেন শেহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, আগামী ৩ থেকে ৫ জুলাই ইরান ও তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরের প্রথম ধাপেই তিনি তেহরানে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।
তিনি আরও জানান, এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা।
বিজ্ঞাপন
পাকিস্তানের পক্ষ থেকে ইরানের নেতৃত্ব ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হবে বলেও জানান তাহির আন্দ্রাবি। একই সঙ্গে এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি পাকিস্তানের সংহতির বার্তা পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। আগামী ৪ জুলাই তেহরানে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিভিন্ন কর্মসূচি শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে তাকে দাফন করা হবে।
সূত্র: দ্য ডন








