Logo

ভেনেজুয়েলা মৃত্যু ছাড়াল ২ হাজার, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৮:৩৬
ভেনেজুয়েলা মৃত্যু ছাড়াল ২ হাজার, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এ দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ ৬৭০ কোটি ডলারেরও বেশি।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সকাল ৬টা ৪ মিনিটে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। গত ১২৬ বছরের মধ্যে এটিকে দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায় অবস্থান করছেন। বিশুদ্ধ পানির সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়েছে।

বিজ্ঞাপন

নাসার স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। এ সংখ্যা সরকারের প্রাথমিক হিসাবের তুলনায় অনেক বেশি।

মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি বড় ধরনের স্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। দীর্ঘদিনের অর্থনৈতিক দুরবস্থা, স্বাস্থ্য খাতে বিনিয়োগের ঘাটতি এবং চিকিৎসক সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

কারাকাসের হাসপাতাল দেল ওয়েস্তে ড. হোসে গ্রেগরিও হার্নান্দেজের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিও কোভা বলেন, ধ্বংসস্তূপে আটকে থাকা এবং গুরুতর আহত রোগীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ছে, যা বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।

বিজ্ঞাপন

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য জাতিসংঘের মানবিক সংস্থার মুখপাত্র ভেরোনিক দুরো জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ধ্বংসস্তূপ ও বর্জ্য ব্যবস্থাপনাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৯০০ সামরিক সদস্য মোতায়েন করেছে। এছাড়া মানবিক সহায়তা পৌঁছে দিতে কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামত করা হয়েছে। এ কাজে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও ১০০ কর্মকর্তা যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার মাধ্যমে ভেনেজুয়েলার জন্য ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। তবে ইউএনডিপির মূল্যায়ন অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ ৬.৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় এ সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

এদিকে ইকুয়েডর, ইসরায়েলসহ বিভিন্ন দেশের অন্তত ৫০টি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ইতোমধ্যে ভেনেজুয়েলায় কাজ শুরু করেছে। কূটনৈতিক সম্পর্ক না থাকা কয়েকটি দেশের উদ্ধারকারীরাও এ অভিযানে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯০০ সালের সান নারসিসো ভূমিকম্পের পর এটিই ভেনেজুয়েলার অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD