Logo

দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৭:৫৯
দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও মিতালী এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের রেল কর্তৃপক্ষের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকায় শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে কাজ চলছে। এ নিয়ে ভারতীয় রেল মন্ত্রণালয় শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। প্রয়োজনীয় সমন্বয় শেষে ট্রেন চলাচলের জন্য নীতিগত সম্মতিও মিলেছে।

বিজ্ঞাপন

এদিকে রেলপথের নিরাপত্তা যাচাই ও অন্যান্য কারিগরি প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি এবং টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে মিতালী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় রেলসেবা স্থগিত ছিল।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে ভারত। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় শুরু হতে পারে।

সূত্র: জি-২৪

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD