এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শুক্রবার (৩ জুলাই) ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে উত্তর মালুকু প্রদেশের টোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের সময় টারনেট শহরের বাসিন্দা উমর আব্বাস সড়কের পাশে একটি চায়ের দোকানে বসে কফি পান করছিলেন। তিনি বলেন, হঠাৎ করে তার চেয়ার দুলতে শুরু করে। আগের ভূমিকম্পের অভিজ্ঞতার কথা মনে পড়ায় তিনি কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েন।
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা।
সূত্র: এএফপি








