Logo

লাহোরে দুই বিদেশি নারী ধর্ষণ, উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ গ্রেপ্তার ৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৪:৪৫
লাহোরে দুই বিদেশি নারী ধর্ষণ, উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোরে দুই বিদেশি নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এক আত্মীয়ও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ জুলাই) পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুহাম্মদ রাজা দার, হাসান রাজা, সিকান্দার খান ও সাজিদ আলী। তাদের লাহোরের একটি আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। পাকিস্তান দণ্ডবিধির ৩৬৫এ (অপহরণ) ও ৩৭৫এ (সংঘবদ্ধ ধর্ষণ) ধারায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেক অভিযুক্ত এখনও পলাতক, তাকে ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধান অভিযুক্ত মুহাম্মদ রাজা দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আত্মীয়। এ কারণে ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ জুন লাহোরে নেদারল্যান্ডস ও ভেনেজুয়েলার দুই নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে এক ভুক্তভোগীর বাবা স্পেন থেকে পাকিস্তান পুলিশকে ফোন করে বিষয়টি জানান। এরপর অভিযান চালিয়ে দুই নারীকে উদ্ধার করা হয়।

তদন্তে আরও জানা গেছে, ২০২৫ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই নারীর পরিচয় হয়। পরে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার সূত্রে তাদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। ব্যবসায়িক সফরের আমন্ত্রণ জানিয়ে রাজা দার তাদের জন্য পাকিস্তানের ব্যবসায়িক ভিসার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, লাহোরে পৌঁছানোর পর দুই নারীকে একটি স্থানে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। একই সঙ্গে তাদের কাছে মুক্তিপণও দাবি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেটের সামনে ভুক্তভোগী দুই নারী প্রধান অভিযুক্ত হিসেবে মুহাম্মদ রাজা দারকে শনাক্ত করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD