পাকিস্তানে ৪ দিনের অভিযানে নিহত ৫৪ বিদ্রোহী ও ৪২ নিরাপত্তাকর্মী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চার দিনব্যাপী নিরাপত্তা অভিযানে ৫৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। একই অভিযানে সেনা ও পুলিশের ৪২ সদস্যও প্রাণ হারিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
তিনি জানান, ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত বেলুচিস্তানের উরাক, মাঙ্গি, খারান, দালবান্দিন ও লাসবেলা জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তার দাবি, কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছেন।
আইএসপিআর মহাপরিচালকের ভাষ্য অনুযায়ী, অভিযানের প্রতিটি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে মাঙ্গি চেকপয়েন্টে। ৬ জুলাই সেখানে সংঘর্ষে নিহত ৫৪ বিদ্রোহীর মধ্যে ২৬ জনই প্রাণ হারান। একই ঘটনায় বেলুচিস্তান পুলিশের ২৭ সদস্য ও কর্মকর্তা নিহত হন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাকিস্তানের দাবি, নিহত ৫৪ জনই বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সদস্য।
১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলমান। বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মুখেও আন্দোলন অব্যাহত রয়েছে। বর্তমানে বালোচ লিবারেশন আর্মিকে ওই আন্দোলনের অন্যতম প্রধান সশস্ত্র সংগঠন হিসেবে বিবেচনা করা হয়।
বিজ্ঞাপন
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বেলুচ বিদ্রোহীরা ভারতের আর্থিক ও সামরিক সহায়তা পেয়ে থাকে। এ কারণেই পাকিস্তানের সেনাবাহিনী বিএলএকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করে। তবে ভারত বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত গোষ্ঠীর সঙ্গে বেলুচিস্তান বা বেলুচ জনগণের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, পাকিস্তানের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কোনো স্থান নেই এবং সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখবে।
সূত্র: জিও নিউজ








