বাহরাইনে মার্কিন নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করল ইরান

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। এদিকে জর্ডান জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানায়।
তাসনিম সংবাদসংস্থার বরাতে জানা যায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দিমেশক শহরের আকাশে একটি ‘শত্রুপক্ষের’ এমকিউ-৯ ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী, তাদের মহাকাশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে হামলা বা ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় স্বাধীন কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশের পর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ইরাকের কুর্দি বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এরবিলে যুক্তরাষ্ট্রের দূতাবাসসংলগ্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: এনডিটিভি








